প্রকাশিত: Wed, May 3, 2023 3:34 AM আপডেট: Thu, Mar 12, 2026 11:10 AM
কুমিল্লায় ধ্বংসপ্রায় সেতু, ঝুঁকি নিয়ে পার হয় চার গ্রামের মানুষ
শাহাজাদা এমরান, কুমিল্লা: তিতাস উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়নের ৪নং ও ৬নং ওয়ার্ডের মাঝামাঝি তিতাস নদীর ওপর অবস্থিত ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।
১৯৭৭ সালে বন্দরামপুর গ্রামের আ. রাজ্জাক চেয়ারম্যানের আমলে সেতুটি নির্মিত হয়, যার বয়স হয়েছে প্রায় ৪৭ বছর।
২৩ বছর ধরে অবহেলিত এই সেতুটি ক্ষতিগ্রস্ত। ঢালাই পড়ে যাওয়ায় রডের ওপর কাঠ দিয়ে পাটাতনের মতো তৈরি করে পারাপার হচ্ছেন স্থানীয়রা। পিলারের খোয়াগুলো ঝরে গিয়ে আলগা হয়ে গেছে জং ধরা রড। ঢালাই নেই, আছে শুধু রড। সেতুর দুই পাশের রেলিং ভেঙে পড়ে গেছে অনেক আগেই । রেলিংয়ের রডগুলোও চুরি হয়ে গেছে। ব্রিজের দুপাশে মাটি না থাকায় একপাশে বাশের চংগ ও অপরপ্রান্তে মাটির বস্তা বেয়ে চড়তে হচ্ছে ব্রিজে।
উপজেলা সদরে যাতায়াতের দ্রুততম ও কম খরচের মাধ্যম হওয়ায় যেখান দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, কৃষকসহ নানা শ্রেণি-পেশার প্রায় ৩/৪ হাজার লোক ঝুঁকি নিয়ে যাতায়াত করে।
বন্দরামপুর গ্রামের আবুল কাশেম জানান, আমার বোনের বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি নদীর ওই পাড়ে। প্রাণভয়ে প্রায় তিন বছর হয়ে গেল বিকল এই ব্রিজ পেরিয়ে তাদের দেখতে যাইনি । অনেক সময় জরুরি প্রয়োজনেও যাই না।
সংস্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ বলেন,বন্দরামপুর-ইউসুফপুর, চরেরগাও-নয়াকান্দি ও কড়িকান্দি-বন্দরামপুরের সংযোগ সেতুগুলো নির্মাণের বিষয়ে তিতাস উপজেলা সাবেক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হকের সঙ্গে আলাপ করলে তিনি বলেছিলেন দ্রুত কাজে হাত দিবেন।কোনো ফলাফল আসেনি। আমরা ব্রিজটির ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাব।
উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই তবে খোঁজ নিয়ে দেখব। সম্পাদনা : মুরাদ হাসান